ফ্যাসিস্ট আমলের রাজনীতি আর হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দীর্ঘদিন পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি হয়েছে। কমিটির পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতে। আমাদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম রয়েছে। ফ্যাসিস্ট আমলে আমাদের ওপর যে অত্যাচার-নির্যাতন হয়েছে, সেই সময়েও আমরা আন্দোলন-সংগ্রামে ছিলাম। আগামী দিনে যে-ই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করবে, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমরা সেই শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের চিন্তাধারাকে কেন্দ্র করে রাজনীতি করব। বিগত সময়ে যে রাজনীতি হয়েছে, ফ্যাসিস্ট আমলের সেই রাজনীতি আর হবে না। ভাই-ভাই রাজনীতি হবে না, হল দখলের রাজনীতি হবে না, কোনো ধরনের অপসংস্কৃতির রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে আর হবে না। এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কাজ করব।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে চারুকলা বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের হাবিবুর রহমান হাবিব এবং সদস্যসচিব হিসেবে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের মারুফ হাসান (মামুন সরকার) দায়িত্ব পেয়েছেন।
আরটিভি/টিআর




